চট্টগ্রামে একটি ছিনতাইকারীদলের মূল হোতা ও ছয় মামলার আসামি শাহাব উদ্দিন শাবুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাবু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই।
শুক্রবার (৬ মার্চ) ভোরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশ গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। গ্রেপ্তার দুজন হলেন- শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)।
ডিবির কর্মকর্তারা জানান, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই হচ্ছেন শাহাব উদ্দিন শাবু। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, চুরি ও ছিনতাইসহ দ্রুত বিচার আইনে ছয়টি মামলা রয়েছে। চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী একটি দলের দলনেতা ছিলেন শাবু। এ সময় তার সহযোগী ছিনতাইকারী মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়।
আর ২৭ মামলার আসামি বুইশ্যা বর্তমানে কারাগারে আছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, ‘সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার আপন ভাই, সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের মূল হোতা শাহাব উদ্দিন শাবুকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। শাবুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ছয়টি এবং তার সহযোগী মো. পারভেজের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এই গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
dailymatrivumi24.com | Mohammad Salahuddin