নিজস্ব প্রতিবেদক:
উত্তরাখানের হযরত শাহ কবির (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
এ সময় তিনি বলেন, গত ১৫ বছর ধরে আপনারা ভোট দিতে পারেননি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান হয়েছে। এ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, তরুণ সমাজ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তরখান হযরত শাহ কবির (রহ.) মাজার জিয়ারত শেষে নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী দিনে ঢাকা-১৮ আসনের উন্নয়ন নিয়ে তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যতে গ্যাস সমস্যাসহ এলাকার সব সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেন, বিগত দিনগুলোতে আমি আপনাদের পাশে ছিলাম, বিএনপি পরিবার আপনাদের পাশে ছিল। একজন সেবক হিসেবে ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে আরও বেশি সেবা দিতে চাই।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। তবে আমার অনুরোধ—যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন। আপনাদের সহযোগিতায় আমরা সবাই মিলে চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। যারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের দায়ভার আমরা নেব না।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে ঢাকা-১৮ আসনকে একটি মানবিক আসন হিসেবে গড়ে তুলতে চাই। বিকাল ৩ টায় আটিপাড়া জামে মসজিদ থেকে ৪৬, ৪৭ নং ওয়ার্ডে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চান ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, আক্তার হোসেন, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক বকুল, যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার, জাহাঙ্গীর ব্যাপারীসহ বিভিন্ন নেতাকর্মী।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান বলেন, বিএনপি মানেই ধানের শীষ। ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব, ইনশাআল্লাহ।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
dailymatrivumi24.com | Mohammad Salahuddin