অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম পছন্দসই না হলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ‘মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে নিজেরা যেন নিজেদের ব্যর্থতার কারণ না হন, সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে।’
মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার গণঅভুত্থানে পালিয়ে যাওয়া মাফিয়া সরকার দেশের অর্থনীতিকে শুধু ধ্বংস করেনি। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতাসহ দেশের আপামর জনতা বন্দুকের নলে বুক পেতে বিশ্ববাসীকে দেখিয়েছে স্বৈরাচারীর নিকট তারা মাথানত করতে জানে না। গত ১৫ বছর আওয়ামী লীগ মাফিয়া শাসনতন্ত্র চালু করে দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। লুটপাট এবং টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীকরণ করে রাষ্ট্র কাঠামোকে ভেঙে দিয়েছে। স্বৈরাচার পালানোর মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুবাতাস বইছে। স্বৈরাচার পালালেও স্বৈরাচারের প্রেতাত্মা এখনো গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকেও সেদিকে সজাগ থাকতে হবে। জনগণের সরকার গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল বিষয়ে সংস্কার কার্যক্রম চালাতে হবে। এবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু গণতন্ত্রই নয় দেশের সার্বভৌমত্বও রক্ষা পেয়েছে। কেউ যদি মনে করে আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাও দোষের কিছু নয়। জনগণের ভালোবাসার মাধ্যমে ধৈর্য সহকারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেন।’