প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তারেক রহমান বলেন, ‘আমরা উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তবে চিকিৎসক, চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সম্মিলিতভাবে স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়ার প্রবণতা কমাতে জেলা ও উপজেলা হাসপাতালের সেবার মান বাড়ানো জরুরি। এই লক্ষ্যেই সরকার স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।’
আরও পড়ুন: আমাকে হত্যার চেষ্টা করলে ইরান নিশ্চিহ্ন হবে : ট্রাম্প
অনুষ্ঠানের শুরুতে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও চলমান চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। জবাবে তিনি সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং রাজধানীকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান।