যৌথবাহিনীর অভিযান পরিচালনার সময় কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাত আড়াইটার দিকে সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ সন্ত্রাসীর খোঁজ পেয়ে সেনাবাহিনীর একটি টিম অভিযানে যায়।
জানা যায়, সন্ত্রাসীদের সাথে লেফটেন্যান্ট তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং সন্ত্রাসীরা অতর্কিতভাবে ছুরি দিয়ে হমলে পড়ে তাকে গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তার বাম চোখে আঘাত করে। সন্ত্রাসীরা ছুরিটি চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। গলায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ডুলাহাজারার মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়।
তিনি বলেন, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা বাড়ি ও আশেপাশ থেকে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ সাতজনকে আটক করা হয়েছে।। তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, একটি মোটরসাইকেল, একটি বন্দুক ও ছুরি জব্দ করা হয়।
ওসি বলেন, রাত সাড়ে ৩টায় অভিযানের সময় ডাকাতরা লেফটেন্যান্ট তানজিমের কপালে গুলি করে এবং গলায় ও চোখে ধারাল ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত রামু সেনানিবাস সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
নিহত সেনা কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন। তার কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন। দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর। জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত। শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।