গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন শুক্রবার (৩ জুলাই ২০২৬) কালীগঞ্জ উপজেলা ও পুবাইল থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সরকারি উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন।
২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর) কর্মসূচি এবং মানবিক সহায়তা (ত্রাণ) কার্যক্রমের আওতায় তিনি বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থের চেক এবং ত্রাণসামগ্রী (চাল) বিতরণ করেন।
বিকেলে বাদ আসর কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ১ কোটি ৭০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন এমপি মিলন। এছাড়া দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পুবাইল থানার বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসচ্ছল ব্যক্তিদের মধ্যেও চাল ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কে এম ফজলুল হক মিলন বলেন, “এই অর্থ জনগণের অর্থ। তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ, প্রকল্প বাস্তবায়ন অফিস এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা সরকারে আসার পর সরকারি অনুদান বিতরণে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হয়নি। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রকৃত প্রাপ্য, দল-মত নির্বিশেষে তাদের অধিকার অনুযায়ী সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা প্রতিহিংসা ও দলবাজির রাজনীতি থেকে বেরিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল নাগরিকের অধিকার সমানভাবে নিশ্চিত হবে।”