ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ঘোষণা অনুযায়ী অবশ্যই সব অপারেটরকে তিন দিন মেয়াদে পাঁচ জিবি ডাটা দিতে হবে। যদি কেউ না মানে এবং আমরা যদি এ ধরনের অভিযোগ পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে অ্যামটব, বেসিস, বাক্কো, আইএসপিএবি, বিসিএস, ই-ক্যাবসহ টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে সমকালীন বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এর আগে শাটডাউন শেষে রোববার (২৮ জুলাই) মোবাইল ইন্টারনেট চালুর ঘোষণা দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, যাদের (নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে) প্যাকেজগুলো বা ডাটাগুলো ছিল, তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই। নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না থাকার কারণে তারা সে সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। এ কারণে মোবাইলে ফোরজি নেটওয়ার্কে যুক্ত হলেই গ্রাহকরা বোনাস হিসেবে পাবেন ৫ জিবি ডাটা।