ছবি: সংগৃহীত
যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে সেখানে বদলি নয়, চাকরিচ্যুতি করা হবে বললেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৪ জুলাই) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি; ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দেব না।
প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে জনগণের উন্নয়ন করা যায়; বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।
আরও পড়ুন: ভূমিকম্পে পা হারানো শিশুর ইচ্ছা পূরণ করলেন রোনালদো
এবারের বাজেটকে আদর্শের বাজেট বলে অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি আদর্শকে দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।