ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। রবিবার মন্ত্রণালয়টির প্রকাশ করা নতুন তথ্যে দেখা গেছে, মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭০ জনে আর গৃহহীনের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৩৪৫ জন হয়েছে।
এ দিন ভেনেজুয়েলার ২১৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভূমিকম্পের পর সরকারের নেওয়া পদক্ষেপগুলোর পক্ষে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই তিনি নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করেছেন এবং জরুরি প্রয়োজন ও দুর্যোগ মোকাবেলার জন্য সামরিক বাহিনীর একটি নতুন ইউনিট গঠন করেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও অন্তত ১৯০টি স্থাপনা ধসে পড়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন রয়েছে।