সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। মারা যাওয়া সাত শিশুই হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯১ শিশু।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু। আর হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ জনে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১২৯ শিশু। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক (উপসর্গযুক্ত) হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জনের শরীরে।
এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৮৪ জন।