https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দিনব্যাপী এই আয়োজনের মূল সম্মেলন শুরুর আগে তিনি এক্সপো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ জন প্রতিনিধি অংশ নেন। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, বিনিয়োগকারী, বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, নীতিনির্ধারক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরকালের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতে জোর দিচ্ছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, ব্যবসার সুযোগ-চ্যালেঞ্জ মোকাবিলা এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের এই যৌথ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘ফিকি এফডিআই’ রিপোর্ট প্রকাশ। এই প্রতিবেদনে দেশের বিনিয়োগ পরিস্থিতি শক্তিশালী করা, বহুজাতিক কোম্পানির বিদ্যমান সমস্যা সমাধান এবং একটি স্থিতিশীল অর্থনৈতিক নীতি প্রণয়নের সুপারিশ তুলে ধরা হয়েছে।


