চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন আদালত। সেই সঙ্গে চসিক নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন সাংবাদিকদের বলেন, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারির চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন মামলা করেন।
এই মামলায় আগের ফলাফল বাতিল ঘোষণা করে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।
২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের পর থেকে কারচুপির অভিযোগ করে আসছিলেন ডা. শাহাদাত হোসেন ও তাঁর দল বিএনপি।