দ্বিপাক্ষিক সিরিজে দীর্ঘ ১৫ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ সকাল ১১টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে দুই দল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, নিজেদের সামর্থ্যের সেরা ক্রিকেট খেলতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব বলে মনে করেছেন তিনি। তার বিশ্বাস, সাম্প্রতিক সময়ে দলের বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই যে উন্নতি দেখা গেছে, সেটি কাজে লাগাতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। মিরাজ বলেন, ‘আমরা এই কন্ডিশনে খেলতে অভ্যস্ত। উইকেট সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে। বোলাররা গত কয়েকটি সিরিজে ভালো করছে, ব্যাটাররাও রান পাচ্ছে। দুই বিভাগের সমন্বয় ঠিক থাকলে ভালো ফল সম্ভব।’
মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিনের সমালোচনার প্রসঙ্গও উঠে আসে অধিনায়কের কথায়। তিনি মনে করেন, এখন মিরপুরকে শুধু স্পিন নির্ভর বা কঠিন ব্যাটিং উইকেট হিসেবে দেখার সুযোগ নেই। ভালো উইকেট তৈরি করা সম্ভব এবং সাম্প্রতিক সিরিজগুলোতে সেটির প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘সবার মাইন্ডসেট এমন ছিল-মিরপুর মানেই ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই বাজে উইকেট। এরকম না। মিরপুরেও ভালো উইকেট করতে পারি, গত ২-২ সিরিজেও দেখেছি। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলতে। ভালো উইকেটে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস পাওয়া যাবে।’
দলের বর্তমান কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট মিরাজ। অভিজ্ঞ ক্রিকেটারদের বিদায়ের পর নতুনদের মানিয়ে নিতে সময় লাগলেও এখন দল অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন তিনি। তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন ও লিটন দাসদের নিয়ে গড়ে ওঠা ব্যাটিং ইউনিট নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেককে নিয়ে মিরাজ বলেন, ‘সে দীর্ঘদিন ধরে প্রথম ওয়ানডে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। সুযোগ পেলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’