দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম জয় পেল মেক্সিকো। আজ শুক্রবার (১২ জুন) মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো।
১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে ফ্রান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল মেক্সিকো। সেবার ৪-১ ব্যবধানে হেরেছিল তারা। ২০ বছর পর ১৯৫০ সালে দ্বিতীয়বার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিলের বিপক্ষে। সেবার ৪-০ ব্যবধানে হেরেছিল তারা।
এরপর ১৯৫৪ বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। সেবার হারের ব্যবধান ছিল আরো বড়, ৫-০ গোলের। পরবর্তীতে ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ৩-০ এবং ১৯৬২ বিশ্বকাপে আবারো ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে হারে মেক্সিকো।
১৯৭০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করে মেক্সিকো। এরপর ২০১০ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করে ১-১ গোলের ব্যবধানে।
১৬ বছর পরে এসে আবারো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো। ঘরের মাঠে এবার পুরোনো ইতিহাস আর আক্ষেপ ভুলে নতুন ইতিহাস লিখল তারা।