অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত
বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করে যাচ্ছেন অক্ষয় কুমার। প্রায় ৩৬ বছরের অভিনয় জীবনে তাঁর ঝুলিতে রয়েছে দেড় শতাধিক সিনেমা। ক্যারিয়ারে একাধিক উত্থান-পতনের মুখোমুখি হলেও কখনোই পিছিয়ে যাননি তিনি।
সাম্প্রতিক সময়ে কয়েকটি ছবি প্রত্যাশিত সাফল্য না পেলেও কাজের প্রতি তাঁর আগ্রহে কোনো ভাটা পড়েনি।
সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অক্ষয় কুমারের কাছে জানতে চাওয়া হয়, তিনি কখনও অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভেবেছেন কি না। উত্তরে নিজের স্বভাবসুলভ রসিকতার মধ্যেই স্পষ্ট করে দেন, আপাতত এমন কোনো পরিকল্পনা তাঁর নেই।
হাসতে হাসতে অক্ষয় বলেন, ‘আমি যদি অবসর নিই তাহলে বাড়িতে বসে ইলেকট্রিশিয়ানের কাজ করব, কুকুর হাঁটানোর কাজ করব, প্রয়োজনে মালী হয়ে যাব। বাড়ির সব কাজই আমার ঘাড়ে এসে পড়বে। তাই আমার মনে হয় কাজে যাওয়াই শ্রেয়। এখুনি অবসর না নেওয়াই বুদ্ধিমানের কাজ।
তাঁর এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন। এরপর আরেক সাংবাদিক বলেন, অবসর নিলে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।
জবাবে অক্ষয়ও মজার ছলে বলেন, ‘আমি যাঁদের সঙ্গে সময় কাটাই তারাই আমাকে বলে আপনি কাজে যান।’
রসিকতার আড়ালেই নিজের জীবনদর্শনের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তাঁর কথায়, ‘অবসর শব্দটাই আমার ভীষণ অপছন্দের।
মৃত্যুর পাঁচ মিনিট আগে অবসর নেওয়া উচিত। আমি তো সবাইকে বলব যতক্ষণ পারবেন নিজেকে কাজের মধ্যে নিমজ্জিত রাখুন।’