https://dailymatrivumi.com


পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: -সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সব ধরনের বিতর্কের অবসান ঘটিয়ে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
আজ রবিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে জুলাই সনদ নিয়ে সৃষ্ট যেকোনো বিভ্রান্তি বা বিতর্ক আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দেন। একই সাথে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
জুলাই আন্দোলনের মাধ্যমে দেশে যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “আমাদের আস্থা ও বিশ্বাস আছে যে আমরা একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো।” তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার হিসেবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: জিহাদ হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
দীর্ঘ মেয়াদে শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশে অনেক আন্দোলন হয়েছে। এবার পরবর্তী প্রজন্মের জন্য সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ রাজনীতিতে আর সহিংসতার পথ বেছে নিতে না হয়। এ জন্য বিরোধী দলকে সবসময় বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান তিনি।
গণমাধ্যমসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও তোষামোদি সংস্কৃতি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে একটি বড় ধরনের বিপ্লব বা আমূল পরিবর্তনের প্রয়োজন। তবে বিগত ১৬ বছরের অপকর্ম ও অনিয়ম এত অল্প সময়ে পুরোপুরি দূর করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।


