https://dailymatrivumi.com


তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: -সংগৃহীত
কাজে দক্ষতা বা পারফরম্যান্স দেখাতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা সরকারের একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, কেউ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে প্রধানমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা হিসেবে উপদেষ্টা পরিষদে রদবদল বা পরিবর্তন আনবেন—এটি সম্পূর্ণ স্বাভাবিক।
সংবাদ ব্রিফিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত তুলে ধরে তিনি আরও বলেন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছে। সরকারের কাজের সমালোচনা গ্রহণ করা হলেও আইন লঙ্ঘন বরদাশত করা হবে না। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও নারীদের সাইবার বুলিং প্রতিরোধে আইনজীবীদের একটি প্যানেল গঠন করা হচ্ছে, যা দু-একদিনের মধ্যেই প্রজ্ঞাপন আকারে প্রকাশ পাবে। অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিগত সময়ে কিছু অলিগার্কের স্বার্থরক্ষায় দেশীয় গ্যাস উত্তোলনে অবহেলা করা হয়েছিল। তবে দেশের বর্তমান মজুত গ্যাস দিয়েই আগামী ২৫ বছরের চাহিদা মেটানো সম্ভব।
এলডিসি উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে সরকার আরও তিন বছর অতিরিক্ত সময় চেয়েছে, যা ব্যবসায়ীদের ওপর চাপ কমাবে। এছাড়া আগামী আগস্ট মাস থেকে জনতা ব্যাংকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ডুয়েল-কারেন্সি ‘প্রবাসী ডেবিট কার্ড’ চালু করা হবে।
আরও পড়ুন: ২০২৭ সালের জন্য সরকারি দুই হজ প্যাকেজ ঘোষণা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এখনো ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা স্বীকার করে তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্তরা অবশ্যই ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি, যান চলাচল সহজ করতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি সরিয়ে অন্য একটি নতুন স্থানে পুনর্নির্মাণ করা হবে।


