https://dailymatrivumi.com


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: -সংগৃহীত
ভারতের দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে প্রকাশিত এক মধ্যরাতের ভিডিওবার্তায় তরুণ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আসা ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দ্রুত বিচার আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট) গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁস সাধারণ কোনো ঘটনা নয়; এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর বেদনার। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।” এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনার পর দ্রুততম সময়ে সংসদে বিল পাসের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, গত আড়াই মাসে সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে দ্রুত পরীক্ষা সচল রাখাকেও সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার
ইতোমধ্যে প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে বদলি করা হয়েছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) থেকে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। সেই সাথে প্রশ্নপত্র ফাঁসের জের ধরে হতাশায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তারা। তবে সরকারি উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে যে, শিক্ষামন্ত্রীর ওপর কেন্দ্রীয় সরকারের পূর্ণ আস্থা রয়েছে এবং তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


