https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সংসদ অভিমুখে ঘোষিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। এতে পুলিশ সদস্য ও বিক্ষোভকারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই হাজার হাজার মানুষ যন্তর মন্তরে জড়ো হন। তবে পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের একটি অংশ সংসদের দিকে যাওয়ার উদ্দেশ্যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এই সংঘর্ষ বাধে।
নিট (NEET) মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
নিরাপত্তাজনিত কারণে রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যা সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে ফেলে।
আরও পড়ুন: নেইমারকে অনুপ্রেরণা মেনে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস
আন্দোলনের আয়োজক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সমর্থকদের শান্ত থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, ৫ জনের বেশি জমায়েত আইনত নিষিদ্ধ এবং জনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) একটি ব্যঙ্গধর্মী রাজনৈতিক উদ্যোগ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বর্তমান শিক্ষা ব্যবস্থার সংস্কার ও ভর্তি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।


