https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১ জন শিশু। আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের সবাই হামের উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে; তবে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭২১ জন শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। অর্থাৎ, সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১৬-তে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯১ জন শিশুর মধ্যে ৭৮ জনের দেহে নিশ্চিতভাবে হামের অস্তিত্ব মিলেছে এবং ৬১৩ জন উপসর্গজনিত রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এই সময়ে নতুন করে ৫৮১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭৯ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ১৫ হাজার ২৭২ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫ হাজার ২৯৮ জন শিশুর মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


