https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
ভারতে বহুল আলোচিত প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আজ শনিবার (২৫ জুলাই) আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) সঙ্গে কেন্দ্র সরকারের তৃতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ধর্মেন্দ্র প্রধান।
পরীক্ষায় কারচুপি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে টানা এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম প্রধান শর্তই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এর আগে আন্দোলনকারী সংগঠন সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যকার একাধিক বৈঠক মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই স্থবির হয়ে পড়েছিল। আজ সকালে সিজেপির প্রতিনিধিরা স্পষ্টভাবে জানিয়ে দেন, শিক্ষামন্ত্রী পদে বহাল থাকলে সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা সমঝোতায় তারা যাবেন না। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের এই তীব্র চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


