https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে হঠাৎ এক দুর্বল প্রকৃতির টর্নেডোর আঘাতে প্রায় এক কিলোমিটার এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে মেঘাচ্ছন্ন আকাশের মধ্যেই সাগরে সৃষ্ট এই আকস্মিক ঘূর্ণিবাতাস প্রবল বেগে সৈকতে আঘাত হানে।
ঘূর্ণি বাতাসের তোড়ে সৈকতের অন্তত ৫২টি কিটকট চেয়ার, ৬১টি ছাতা এবং বেশ কিছু ভাসমান দোকান ও লকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৈকতে থাকা অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন এবং অনেকে এই দৃশ্য মোবাইলে ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
প্রকৃতির এই ভয়ংকর রূপ দেখে আতঙ্কিত হয়ে অনেক পর্যটক তাদের ছুটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন। হোটেল কর্তৃপক্ষ ও দূরপাল্লার বাস চালকদের সূত্রে জানা গেছে, একাধিক দিন থাকার পরিকল্পনা থাকলেও অনেক পর্যটক ঘটনার দিন সন্ধ্যায় এবং পরবর্তী দিন সকালেই তড়িঘড়ি করে কক্সবাজার ত্যাগ করেছেন।
স্থানীয় আবহাওয়া অফিসের মতে, এটি একটি দুর্বল প্রকৃতির টর্নেডো ছিল, যা পরিবেশ অনুকূলে থাকলে বছরের যেকোনো সময়ই ঘটতে পারে। জেলা প্রশাসনের পর্যটন সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খোঁজ-খবর নেওয়া হয়েছে এবং কোনো হতাহত না হলেও উদ্ভূত পরিস্থিতিতে পর্যটকদের আগেভাগে চলে যাওয়াটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।


