https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো প্রকাশিত হয়নি এসএসসি ও সমমানের ফল। ফলে ফল প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। পরীক্ষা ও ফল প্রকাশের দিনক্ষণ বারবার পেছানোয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষেই অর্থাৎ আগামী ৩০ জুলাই প্রকাশ করা হতে পারে ফল।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করার লক্ষ্যে কাজ চলছে। বোর্ড রেজাল্ট রেডি করার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত তারিখেই তা প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। সেটি সম্ভব হয়নি। তবে ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত তারিখে ফল প্রকাশ করা হবে।’
আরও পড়ুন: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ভারী বর্ষণের আভাস
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, শিক্ষা বোর্ডগুলো যদি ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত সম্পন্ন করে, তবে চলতি মাসের ৩০ জুলাই (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা সম্ভব হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০মে। নীতি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে (২০ জুলাইয়ের মধ্যে) ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এবার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে।


