https://dailymatrivumi.com


সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: -সংগৃহীত
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসভবনে উঠছেন। চিকিৎসা নিতে শিগগিরই তিনি স্ত্রী রেবেকা সুলতানাকে নিয়ে সিঙ্গাপুর বা ব্যাংককে যাবেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মো. সাহাবুদ্দিন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং বাইপাস সার্জারি-পরবর্তী ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তিনি বঙ্গভবনে কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও ব্যক্তিগত বাসভবন হিসেবে স্পিকারের বাসভবনেই অবস্থান করবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ইতোমধ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সংবিধান মেনে আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। আগামী ৬০ দিনের মধ্যে বসতে যাওয়া সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হতে পারে।
এদিকে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বিএনপি। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের নীতিনির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয় বলে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অন্যদিকে, পদত্যাগকারী রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর বিচারের দাবির বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


