https://dailymatrivumi.com


নেইমার জুনিয়র। ছবি: -সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। ক্লাব জার্সিতে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। তবে তাঁর জোড়া গোল সত্ত্বেও সান্তোসকে জয় এনে দিতে পারেননি তিনি। রোমাঞ্চকর ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে সান্তোস।
এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় অবনমনের শঙ্কায় থাকা সান্তোস স্বস্তির এক পয়েন্ট অর্জন করল। পুরো ৯০ মিনিটজুড়েই প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন নেইমার।
ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, তিনি প্রতিপক্ষের পোস্টে মোট ৯টি শট নেন, যার মধ্যে ৫টি ছিল অন-টার্গেটে এবং ২টি পৌঁছায় জালে। মাঠজুড়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো; পুরো ম্যাচে মোট ১০৩ বার বল স্পর্শ করেছেন তিনি। গোল করার পাশাপাশি দলের আক্রমণভাগকে সচল রাখার মূল দায়িত্বও পালন করেছেন নেইমার। ম্যাচে ৬২টি পাসের মধ্যে ৪৮টি সফল পাস সম্পন্ন করেন তিনি, যার ৪৫টিই ছিল প্রতিপক্ষের অর্ধে। দুটি কী-পাস দেওয়ার পাশাপাশি ম্যাচের গতিও নিয়ন্ত্রণ করেন নিজে।
প্রতিপক্ষের একাধিক ফাউলের শিকার হয়েও ৭টি ডুয়েলে জয় পান এই ফরোয়ার্ড। এছাড়া বল রিকভারি ও প্রেস ব্যাক করে দলকে বারবার আক্রমণে ফিরিয়ে আনেন তিনি।বিশ্বকাপের বড় ধাক্কা সামলে ক্লাবের হয়ে নেতৃত্বের ভূমিকায় নেইমারের এই প্রত্যাবর্তন ভক্তদের আশাবাদী করে তুলেছে।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের ফল চলতি মাসেই
চলতি মৌসুমে ব্রাসিলেইরো বেতানোতে ৯ ম্যাচে নেইমারের ঝুলিতে জমা হয়েছে ৬টি গোল ও ২টি অ্যাসিস্ট। এছাড়া ৭৭৬ মিনিট খেলে তিনি ১৯টি কী-পাস দিয়েছেন এবং ৩০টি শটের মধ্যে ১২টি শট অন-টার্গেটে রেখেছেন।


