https://dailymatrivumi.com


ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে অধিকাংশ স্থানে এবং বাকি চার বিভাগে অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৬ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক পূর্বাভাস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন (২৭ ও ২৮ জুলাই) বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে এবং দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আরও পড়ুন: আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার
এদিকে আজ দুপুর ১টা পর্যন্ত দেওয়া অন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


