https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্থানীয় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রাকে ঘিরে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা যুবদলের নেতাকর্মীরা একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে এবং সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চরম আশঙ্কা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবিগঞ্জ পৌরসভা এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাগম, মিছিল, সভা, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং এবং বিস্ফোরক দ্রব্য বহনসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে একটি সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। ওই ঘটনার জেরেই মূলত শহরজুড়ে এই উত্তেজনার সৃষ্টি হয়।


