https://dailymatrivumi.com


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: -সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদের পর বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময় তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী ওই সময়ে তিনি বিশেষ আইনি সুরক্ষার (প্রিভিলেজড) মধ্যে ছিলেন; ফলে সে সময়কালে তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না।’
এনসিপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তির বক্তব্য তাঁদের নিজস্ব অধিকারের বিষয়। তবে তাঁদের উপস্থাপিত বক্তব্যগুলোর মধ্যে সরকার কর্তৃক আমলে নেওয়ার মতো কোনো উপাদান আপাতত নেই।’
আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, রাষ্ট্রপতির সুরক্ষায় এসএসএফ ও পিজিআরের নির্ধারিত মেয়াদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য সংস্থার নিরাপত্তা বজায় থাকবে। সাবেক রাষ্ট্রপতিদের জন্য বরাদ্দকৃত আইনি সব সুবিধা তিনি পাবেন।
আরও পড়ুন: ট্রাইব্যুনালে একরামুল হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ১১ জন
শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপের বিতর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা সংবাদমাধ্যমে দেখেছি। যে পক্ষ এ দাবি করছে, তথ্য-প্রমাণ তাঁদের কাছেই থাকতে পারে; সরকারের কাছে বর্তমানে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।’
একই অনুষ্ঠানে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাঁকে ফেরত আনতে জোর আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চলছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কিছু অতিরিক্ত তথ্য চেয়েছিল, আমরা তা প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করছি।’


