https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়ে চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় ১৫ বছরের কম বয়সী শিশু এবং হৃদরোগ, কিডনি, ক্যান্সারসহ একাধিক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তিরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. আবুবকর সিদ্দীকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ অনুসরণ করে এই নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
হজের প্রাথমিক নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। এর আগে ৩০ হাজার টাকা দিয়ে আবশ্যিকভাবে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রাথমিক নিবন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় প্রার্থীরা সরাসরি ই-হজ সিস্টেমের মাধ্যমে ছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ এবং ঢাকা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট এজেন্সির অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দিতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে অংশ নিতে পারবেন না। এ ছাড়া হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত এবং কেমোথেরাপি বা রেডিওথেরাপির মতো চিকিৎসা নেওয়া ক্যান্সার রোগীরা হজের জন্য ফিটনেস সনদ পাবেন না।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের ফল চলতি মাসেই
একই সঙ্গে যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা অথবা ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক নিবন্ধনের সময়ই হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং কাঙ্ক্ষিত প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি প্রার্থীর পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা বাধ্যতামূলক।


